কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা ঘটনায় স্ত্রী ও সম্মধি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় শ্বশুরবাড়িতে জামাই মোঃ আক্তারুজ্জামান রুবেলকে (২৫) পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন— নিহতের স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন (২৩) ও সম্মধি মোঃ মিজানুর রহমান (৩৮)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে র‍্যাব-১৩, রংপুর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত মোঃ আক্তারুজ্জামান রুবেল কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল তরফদারের ছেলে। প্রায় পাঁচ বছর আগে মোছাঃ জেসমিন খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল।

গত ১৭ এপ্রিল সকালে পারিবারিক বিরোধের জেরে মোছাঃ জেসমিন খাতুন তার বাবার বাড়িতে চলে যান। পরে রুবেল তাকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্ত্রী জেসমিন, শ্যালক মিজানুর এবং আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে রুবেলকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।

স্থানীয়রা আহত রুবেলকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গত ২৯ এপ্রিল বিকেলে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-১ (উত্তরা)-এর যৌথ অভিযানে গাজীপুরের বাসন থানার কলম্বিয়া রোড এলাকার একটি বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বাংলা/এমএম

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here