বরিশাল ব্যুরো :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চাকমা সম্প্রদায়ের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী ‘ফুল বিজু’ উৎসব উদযাপন করেছেন। রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী কীর্তনখোলা নদীর তীরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নদীর তীরে সমবেত হন এবং বিভিন্ন রঙের ফুল দিয়ে ঘাট সাজিয়ে তোলেন। পরে দেশ, পাহাড় ও সকলের মঙ্গল কামনায় নদীতে ফুল ভাসিয়ে পুরোনো বছরের দুঃখ-গ্লানি বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান।
পার্বত্য চট্টগ্রামের অন্যতম সামাজিক উৎসব ‘বিজু’ তিন দিনব্যাপী পালিত হয়। এর প্রথম দিন ‘ফুল বিজু’, দ্বিতীয় দিন ‘মুর বিজু’ এবং তৃতীয় দিন ‘গোজ্জে পোজ্জে’। এর ধারাবাহিকতায় ববির চাকমা শিক্ষার্থীরা এ আয়োজন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রফিন চাকমা বলেন, বিজু তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবের মাধ্যমে তারা নিজেদের শিকড়কে স্মরণ করেন এবং সবার শান্তি ও কল্যাণ কামনা করেন। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানান।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী স্নেহা চাকমা বলেন, বিজু, সাংগ্রাই ও বৈসুক উৎসব পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করে।
উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সমতলে থেকেও তারা নিজেদের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছেন এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চান।
এই বাংলা/এমএস
টপিক

