পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় আনোয়ার হোসেন (৫৫) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৪৫) নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মালিথাপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী রাজু জানান, আনোয়ার হোসেন ও তার স্ত্রী মোটরসাইকেলে ঈশ্বরদী বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। আলহাজ মোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়লে একটি ট্রাক তাদের চাপা দেয়।
দুর্ঘটনায় স্বপ্না খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর তাদের একমাত্র ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত দুটি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস