বরিশাল ব্যুরো :
বরিশাল নগরে দীর্ঘদিন ধরে আটকে থাকা ছয় শতাধিক ভবনের নকশা অনুমোদনে জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। আসন্ন ঈদুল আজহার আগেই এসব নকশা অনুমোদনের আশ্বাস দিয়েছেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
শনিবার বিকেলে শহীদ মিনার-সংলগ্ন অডিটরিয়ামে আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় তিনি জানান, ১৯৯৬ সালের বিধিমালা ও ২০২০ সালের প্রস্তাবিত বিধির জটিলতায় আটকে থাকা ৯৭টি নকশা আগামী ৭ দিনের মধ্যে নিয়ম মেনে অনুমোদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় অংশ নেওয়া নগরের ৩০টি ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে তাঁদের ভবনের নকশা অনুমোদন আটকে রাখা হয়েছে। তারা দ্রুত সমাধানের দাবি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উল্লেখ্য, আগে ১৯৯৬ সালের বিধিমালা অনুযায়ী নকশা অনুমোদন দেওয়া হলেও পরবর্তীতে ২০২০ সালের প্রস্তাবিত বিধিমালা অনুসরণের বাধ্যবাধকতা আরোপ করা হলে ৯৭টি নকশা জটিলতায় পড়ে যায়।
প্রশাসক শিরীন বলেন, “নগরবাসী সরাসরি সিটি করপোরেশনে যোগাযোগ করবেন, কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে হয়রানির শিকার হবেন না।” একই সঙ্গে তিনি বরিশালের পুরোনো ঐতিহ্য সংরক্ষণ করে আধুনিক নগর গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন।
সভায় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই বাংলা/এমএস
টপিক

