বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইমন (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার ব্যস্ততম উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় সাইমন। পথিমধ্যে উপজেলা মোড়ে পৌঁছালে গরু বোঝাই একটি ভটভটি (ইঞ্জিনচালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহত সাইমনকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
আহত সাইমন বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির দশম শ্রেণির ছাত্র।
তার শিক্ষক মাইনুল ইসলাম (বিএসসি) বলেন, সাইমন প্রতিদিনের মতো আজও স্কুলে আসার পথে এই দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রাথমিক চিকিৎসা শেষে সাইমনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে সেখানে নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তারা সাইমনের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সবার আন্তরিক দোয়া—মহান আল্লাহ যেন সাইমনকে পূর্ণ শিফা দান করে দ্রুত সুস্থ করে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে নিরাপদে ফিরিয়ে দেন।
এই বাংলা/এমএস
টপিক

