কুড়িগ্রামে রমনা কমিউটার ট্রেনের তিনটি কোচ লাইনচ্যুত, রেল যোগাযোগ সাময়িক বন্ধ

কুড়িগ্রামের উলিপুরে রমনা কমিউটার ট্রেনের তিন কোচ লাইনচ্যুত / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় রমনা কমিউটার ট্রেনের তিনটি কোচ লাইনচ্যুত হওয়ায় উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শুক্রবার (০৬ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে রমনা বাজার থেকে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনটি উলিপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ইঞ্জিনিয়ার গেট এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনটির তিনটি কোচ লাইনচ্যুত হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুতির কারণে উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ট্রেনে থাকা যাত্রীরা বিকল্প পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম–রমনা বাজার রেলপথে এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগে একই রুটে মালবাহী ওয়াগন ও রিলিফ ট্রেনসহ মোট চারবার লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর রেলপথটি পুনরায় চালু করতে বাংলাদেশ রেলওয়ে ২০২১ সালে সংস্কার কাজ শুরু করে, যা ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৬ সালেও সেই সংস্কার কাজ পুরোপুরি শেষ হয়নি এবং কাজ চলছে ধীরগতিতে।

এলাকাবাসীর অভিযোগ, অনেক স্থানে রেললাইনের কাঠের স্লিপার পচে গেছে এবং লাইনের নিচে প্রয়োজনীয় পাথরের ঘাটতি রয়েছে। ফলে পুরো রেলপথটি বর্তমানে ঝুঁকিপূর্ণ ও জোড়াজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে তারা জানান।

এদিকে এলাকাবাসী দ্রুত কুড়িগ্রাম থেকে রমনা বাজার পর্যন্ত পুরো রেললাইন সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে উলিপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আরিফ সাংবাদিকদের জানান, রমনা কমিউটার ট্রেনের তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত কোচগুলো কখন উদ্ধার করা হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here