কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার নাটেশ্বরী উপজেলার কচাকাটায় ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
গ্রেফতারকৃত আসামি হলেন কুড়িগ্রাম জেলার সদর উপজেলার চর হরিকেশ এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোঃ আবুল কালাম (৩৫)।
র্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাহিদা খাতুনের ছোট বোনকে পাঁচ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয় আবুল কালাম ও তার সহযোগীরা। বিষয়টি জানতে পেরে শাহিদা খাতুন ও তার ছোট ভাই প্রতিবাদ জানান এবং গ্রাম্য সালিশ আয়োজিত হয়। তবে নির্ধারিত দিনে অভিযুক্ত ব্যক্তি সালিশে উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়।
এর জেরে গত ১৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহিদা খাতুন বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রান্নার জন্য চাল ধোয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা আবুল কালাম ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় নিহতের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩০২/১০৯/৩৪ ধারায় নথিভুক্ত করা হয়েছে।
র্যাব জানায়, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯:৪০ মিনিটে রংপুর জেলার বদরগঞ্জ থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

