নাটোর-১ আসনে দাড়িপাল্লায় ভোট চেয়ে চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আবুল কালাম আজাদের

0
236
নাটোর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

শনিবার (৩১ জানুয়ারি) বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলোর সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধানে কাজ করবেন। এ জন্য তিনি ভোটারদের দোয়া, সমর্থন ও ব্যালটের মাধ্যমে সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, “আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না। আমরা চাই বাংলাদেশ সুশাসনে চ্যাম্পিয়ন হোক এবং বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি পাক।” সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

সকাল থেকে ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হাট-বাজার, বাড়িঘর ও খোলা মাঠে গিয়ে ভোট প্রার্থনা, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করেন আবুল কালাম আজাদ। এ সময় তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা, অভাব-অভিযোগ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাচনের পরও জনগণের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, “নির্বাচন থাকুক বা না থাকুক, আমরা সবসময় মানুষের পাশে ছিলাম এবং থাকব। নির্বাচনের ফলাফল যাই হোক, সেবার মাধ্যমে জনগণের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি নয়; বরং জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করতে বিশ্বাসী।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পথসভা ও উঠান বৈঠকগুলোতে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন জামায়াতের আমির আমজাদ হোসেন, সেক্রেটারি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, থানা শিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here