স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলায় বিএনপির উদ্যোগে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দুপুরে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধানের শীষ প্রতীক জনগণের ভোটে যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে কাজ করেছে। তিনি বলেন, মোকামতলাসহ বগুড়া অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি আবারও কাজ করতে চায়।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের সমর্থন পুনরায় প্রমাণ করার আহ্বান জানান। তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। তিনি স্থানীয় উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পথসভাকে কেন্দ্র করে মহাস্থান থেকে রহবল-দোসীমানা পর্যন্ত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। আয়োজকদের দাবি, অন্তত কয়েক দশক মানুষের অংশগ্রহণে পুরো মোকামতলা এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
পথসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।
এই বাংলা/এমএস
টপিক

