কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহসিন মিয়া ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাইকে হত্যা করেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ঘটনার পরপরই তিনি দেশ ছেড়ে কাতারে পালিয়ে যান এবং পরবর্তীতে পর্তুগালে অবস্থান করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরে আসার পর পুলিশের নজরে আসেন মহসিন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন, এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

