
নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একদিনে পৃথক অভিযানে দুইটি বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ঘটনায় বরকে কারাদণ্ড এবং অন্য ঘটনায় কনের বাবাকে অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার ফুলবতী গ্রামে বাল্যবিয়ে সম্পন্নের পর কনেকে নিয়ে যাওয়ার সময় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। এ সময় বর রতন সরদার (২৬)কে বাল্যবিয়ে করার দায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে ১৪ বছর বয়সী কনেকে স্থানীয় অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত রতন সরদার বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষীকোল গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর আগে একই দিন সকাল ১১টার দিকে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রামে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। এ ঘটনায় ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের প্রস্তুতির দায়ে কনের বাবা আব্দুর রশিদ (৫০)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক এ জে মিন্টু জানান, দণ্ডপ্রাপ্ত বরকে রাতেই নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
