নাটোর প্রতিনিধি :
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোরে বিএনপি ও যুবদলের ১৪ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিপক্ষে অবস্থান গ্রহণ এবং দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণায় সরাসরি সম্পৃক্ত থাকার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত দুই দিনে ওই ১৪ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বহিষ্কৃত নেতারা হলেন— সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, মিজানুর রহমান, মিজানুর রহমান মজনু, রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চয়েন উদ্দিন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম রাসেল, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ফেরদৌস আলম দুলাল, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ, পৌর বিএনপির সদস্য মো. খালেকুজ্জামান ও গোলাম সারওয়ার।
জেলা বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

