ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠানে এ যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন গণঅধিকার পরিষদের রাজাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হামিদ এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক। এছাড়া জামায়াতে ইসলামীর জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলমসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশকে একটি সুশাসিত রাষ্ট্রে পরিণত করতে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় জামায়াতে ইসলামী নেতারা নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

