এমপি নির্বাচিত হলে সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়ন করবো: নির্বাচনী ইশতেহারে দুলু

0
141
জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সংসদ সদস্য নির্বাচিত হলে গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ওয়েজবোর্ড বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নাটোর শহরের জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর শহরে ফ্লাইওভার নির্মাণ, নাটোর–নলডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ন ইউনিট ও ট্রমা সেন্টার স্থাপনসহ স্বাস্থ্যখাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে নিয়মিত চাকরি মেলা আয়োজন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ, ইউনিয়ন তথ্যকেন্দ্রে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ চালু এবং নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণাও দেন তিনি।

সংবাদ সম্মেলনে দুলু বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে নাটোরে গ্যাস সংযোগ নিশ্চিত করে নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারদ নদ, লাল দিঘী ও জয়কালী দিঘী সংস্কার করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কারিগরি ইনস্টিটিউট ও নার্সিং কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। নার্সিং শিক্ষার্থীদের বিদেশি ভাষায় দক্ষ করে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কৃষি ও শিল্পখাতে উন্নয়নের অঙ্গীকারের মধ্যে রয়েছে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার স্থাপন, আধুনিক মৎস্য চাষ ও ফিস ফিড কারখানা, গুড় ও পান শিল্পের বাজারজাতকরণ, কৃষিপণ্য রপ্তানির জন্য এপিজেড স্থাপন এবং নাটোর বিসিক শিল্পনগরীকে ইপিজেডে রূপান্তর।

স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নাটোর শহরে নতুন বাইপাস সড়ক, ওভারপাস ও ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন ও পাটুল মিনি কক্সবাজার সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া ইকো রিসোর্ট ও চিড়িয়াখানা স্থাপনের কথাও তার ইশতেহারে স্থান পায়।

ওয়েজবোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুলু বলেন, “আমি সংসদে গিয়ে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করবো।”

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here