অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সড়ক থেকে পাশের কৃষিজমিতে পড়ে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে ২০–২৫ জন যাত্রী একটি পিকআপ ভ্যানে করে একটি গরু ও হাড়ি-পাতিলসহ খাদ্যসামগ্রী নিয়ে ভৈরবের স্লিপুর মাজারের বার্ষিক উরসে অংশ নিতে যাচ্ছিলেন। বৃহস্পতিবার অষ্টগ্রাম উপজেলার কাসতুল ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় (ইউটার্ন) পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে যাত্রীবোঝাই পিকআপটি সড়কের পাশের গভীর খাদে ছিটকে পড়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দুর্ঘটনার খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। তাদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ভাগলপুরে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া (৬০), পিতা মৃত আলী হোসেন। আহতদের মধ্যে রয়েছেন আবুল কাশেম (৬২), মমতাজ উদ্দিন, আরব আলী (৬০), জালাল (৪০), সাজ্জাদ (১০), আবুল কাসেম (৬২), জিছান (১৫), সাইম, নূর আলম, ফাহিম, হাকিমসহ আরও ১০–১৫ জন।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, দুর্ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহত আজিজ মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

