শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটোরে বিএনপির ৩ স্বতন্ত্র প্রার্থী বহিষ্কার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
নাটোরে বিএনপির তিন স্বতন্ত্র প্রার্থীকে বহিষ্কার / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

 

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোরে বিএনপির তিনজন স্বতন্ত্র প্রার্থীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

বহিষ্কৃত নেতারা হলেন—কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য ইয়াসির আরশাদ রাজন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ।

গতকাল বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে ইয়াসির আরশাদ রাজন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে ব্যর্থ হন। ফলে তার মনোনয়ন প্রত্যাহার গ্রহণ করা হয়নি। অন্যদিকে অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু ও দাউদার মাহমুদ মনোনয়ন প্রত্যাহার করেননি।

দলীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু ও ইয়াসির আরশাদ রাজন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অপরদিকে দাউদার মাহমুদ নাটোর-৩ (সিংড়া) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন।

এ ঘটনায় নাটোরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর