নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় সহকারী অধ্যাপক ও উপজেলা জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম (৫৩) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিংড়ার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।
বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে রেজাউল করিমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কুমারপাড়া এলাকায় রাস্তার পাশে গলা কাটা অবস্থায় রেজাউল করিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে, হত্যাকাণ্ডের পর নিহতের বিক্ষুব্ধ স্বজনরা আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করেন। এ সময় আগুনে পুড়ে ওহাব আলীর মা ছাবিহা বেগম (৭৫) নিহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর জানান, সহকারী অধ্যাপক রেজাউল করিম ও ছাবিহা বেগম—দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

