পিরোজপুর প্রতিনিধি :
ঝালকাঠি ও পিরোজপুর জেলার সাংবাদিকদের অংশগ্রহণে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ঝালকাঠি সার্কিট হাউজ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২১ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের কলাকৌশল, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, ভুল তথ্য প্রতিরোধ এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আয়োজকরা জানান, নির্বাচনের সময় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতেই এ কর্মশালার আয়োজন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রশিক্ষণে ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পিরোজপুর জেলা থেকে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন জেলা প্রেসক্লাব পিরোজপুরের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নাসীর উদ্দীনসহ অন্যান্য সাংবাদিকরা।
প্রশিক্ষণ কর্মশালায় পিআইবি’র ঊর্ধ্বতন প্রশিক্ষকরা নির্বাচনকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ, নৈতিকতা এবং পেশাগত দায়িত্ব পালনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। আগামীকাল শুক্রবার (২২ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটবে।
এই বাংলা/এমএস
টপিক

