
পিরোজপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক পাওয়ার পর তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এর আগে জোহরের নামাজ শেষে মাসুদ সাঈদী তাঁর বড় ভাই পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং ছোট ভাই নাসীম সাঈদীকে সঙ্গে নিয়ে তাঁদের পিতা মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করেন। পরে বিকেলে তিনি জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে যান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চণ্ডিপুর ইউনিয়নে পৌঁছে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় মাসুদ সাঈদী বলেন, বিগত বছরগুলোতে চণ্ডিপুরের মানুষ নানা প্রতিকূলতা, জেল-জুলুম সহ্য করেও তাঁদের অবস্থান থেকে সরে যাননি।
বিশেষ করে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে এই ইউনিয়নেই প্রথম ‘সাঈদী মুক্তি মঞ্চ’ গঠিত হয়েছিল। সেই ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেই তিনি চণ্ডিপুর থেকে তাঁর নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
গণসংযোগকালে তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে তাঁর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
