কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

0
250
কুলাউড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

 

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুলাউড়া পৌর শহরের দখিন দাওয়া পার্টি হলে এ সভার আয়োজন করা হয়।

এনসিপি কুলাউড়া উপজেলা আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দরের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রীতম দাস বলেন, “চব্বিশের আন্দোলন ও চেতনাকে যারা অবহেলা করবে কিংবা গুরুত্ব দেবে না, তারাই দেশে আবার ফ্যাসিবাদ ডেকে আনবে। আমরা জীবিত থাকতে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরুত্থান হতে দেব না।” তিনি বলেন, বর্তমান নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট কোনো একক দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং এটি দেশের জনগণ ও চব্বিশের বিজয়ের প্রতীক। হ্যাঁ ভোট পরাজিত হলে তা গোটা জাতিরই পরাজয় হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে বাকস্বাধীনতা ও মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছিল। গুম, গ্রেপ্তার ও নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। সেই ভয়াবহ সময় পার হয়ে আজ যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, তার পেছনে রয়েছে চব্বিশের অবদান। তাই রাজনৈতিক সব আলোচনায় এই প্রেক্ষাপটকে প্রাসঙ্গিক রাখতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার মজলিশে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, এনসিপি মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, জাতীয় ছাত্রশক্তি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ মুস্তাকিন, সদস্য সচিব ফয়ছল আহমদ শাহী, যুবশক্তি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রশিবির সভাপতি তিহান তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি এনসিপি মৌলভীবাজার জেলা আহ্বায়ক মো. খালেদ হাসান ও সদস্য সচিব রুহুল আমিনের স্বাক্ষরে ছয় মাসের জন্য ৫৪ সদস্যবিশিষ্ট কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ফারুক উদ্দিন আহমদকে আহ্বায়ক, অধ্যক্ষ শাহ আলম সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহবুব জামান শিহাবকে সদস্য সচিব করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here