স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণের সময় জাহিদ হাসান মুকুট (৩০) নামে এক যুবদল নেতার ওপর হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি মাথায় গুরুতর আহত হন এবং স্বজনদের দাবি, তার হাত ও পায়েও ভাঙা জখম হয়েছে।
আহত জাহিদ হাসান মুকুট গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পাগলা থানা যুবদলের সভাপতি প্রার্থী। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনে আপিলের পর ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এই ঘোষণার পর তার সমর্থকেরা উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করছিলেন। এ সময় মিষ্টি বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে যুবদল নেতা মুকুটের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থক ও পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন মেম্বারের নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়।
ঘটনার বিষয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আহতের স্বজনরা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

