নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, গুরুতর আহত আরেকজন

0
136
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. নাইম হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকার বাসিন্দা মো. গোলাম মোস্তফার ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. আজিজুল ইসলাম (২১)। তিনি নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মো. নাইম হোসেন ও মো. আজিজুল ইসলাম একটি মোটরসাইকেলে করে নাখারগঞ্জ থেকে নাগেশ্বরীর দিকে যাচ্ছিলেন। পথে সান্তোষপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গিরপাড় ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি ইউকেলিপ্টাস গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মো. নাইম হোসেনের মৃত্যু হয়।

আহত আজিজুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

দুর্ঘটনার পর নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্যাকেটে রাখার সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা ফায়ার সার্ভিস কর্মীদের বাধা উপেক্ষা করে মরদেহ জোরপূর্বক নিয়ে ফুলবাড়ী উপজেলায় চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের অপেক্ষায় ছিলেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই উত্তেজিত জনতা মরদেহ নিয়ে যায়। পুলিশের উপস্থিতি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন কিছু করার সুযোগ ছিল না বলে জানান তিনি।

এ বিষয়ে নাগেশ্বরী থানার এসআই মো. মকবুল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ফায়ার সার্ভিসের উপস্থিতিতে স্থানীয় লোকজন মরদেহ নিয়ে গেছে। যেহেতু নিহতের বাড়ি ফুলবাড়ী থানার আওতাভুক্ত, তাই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here