মিরসরাইয়ে জমি বিরোধের জেরে তিন বছরের শিশুকে আছাড়ে হত্যা, আটক ৩

0
178
মিরসরাইয়ে জায়গা জমির দ্বন্দ্বের জেরে তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহকে মাথায় তুলে আছাড় মেরে হত্যা / ছবি - সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের ছেলে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশী দ্বীন ইসলাম পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশুটিকে মাথায় তুলে আছাড় মেরে হত্যা করেন।

নিহতের দাদি মোছাম্মৎ জোৎস্না আরা বেগম জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে অভিযুক্ত দ্বীন ইসলামের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দ্বীন ইসলাম তাদের পরিবারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি শিশুটির বাবাকে মারতে উদ্যত হন। তাকে না পেয়ে আব্দুল্লাহকে কোলে তুলে নিয়ে মাটিতে আছাড় মারেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহতের স্বজনরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শিশুর মৃত্যুর ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here