শেরপুর-২ আসনে বিএনপির একক প্রার্থীর বিপরীতে ইসলামী তিন দলের লড়াই

0
304
শেরপুর-২ আসনে ইসলামী দলের তিন প্রার্থীর সাথে বিএনপির একক লড়াই / ছবি - এই বাংলা

নকলা (শেরপুর) প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ইসলামী তিন দলের প্রার্থীর বিপরীতে একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী। বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস (হাতপাখা) এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা (ঈগল)।

চারজন প্রার্থীই দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন। ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দেবেন না বলে জানিয়েছেন তাদের কর্মী ও সমর্থকেরা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, চার প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর-২ আসনটি নকলা ও নালিতাবাড়ী—এই দুই উপজেলা নিয়ে গঠিত। নকলা উপজেলায় রয়েছে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন এবং নালিতাবাড়ী উপজেলায় রয়েছে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ৮৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৯৮৪ জন এবং নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৯১৩ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৫৩টি স্থায়ী ও ১টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১৫৪টি ভোটকেন্দ্র এবং ৭৫৯টি স্থায়ী ও ৬১টি অস্থায়ী ভোটকক্ষসহ মোট ৮২০টি ভোটকক্ষ প্রস্তুতের কাজ চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here