
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার রবিরবাজার টিলাগাঁও সড়কে মধ্যরাতে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে রবিরবাজার এলাকায় নিখিল মল্লিকের বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয় বাসিন্দাদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের ঘরবাড়ি ও দোকানপাট বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। উল্লেখ্য, ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি দোকান ও একটি মোটর ইঞ্জিনিয়ারিংয়ের দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়লে বড় ক্ষতির আশঙ্কা ছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ক্ষতিগ্রস্ত নিখিল মল্লিক জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তিনি বলেন, অগ্নিকাণ্ডে তার ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে, যার ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।
কুলাউড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার ফেরদৌস আহমদ জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে ব্যবহৃত কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক
