ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি স্লুইসগেট দীর্ঘদিন বন্ধ করে রাখায় বড় কৈবর্ত খালির একমাত্র বারানী খালটি এখন প্রায় শুকিয়ে গেছে। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় খালটি নাব্যতা হারিয়েছে, ফলে কয়েক হাজার পরিবার তীব্র পানিসংকটে পড়েছে। নিরাপদ পানির অভাবে এলাকায় চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মিড়াবাড়ী জামে মসজিদ এলাকা থেকে চাড়াখালী পর্যন্ত বিস্তৃত এই খালটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কৃষি, গৃহস্থালি ও দৈনন্দিন পানির প্রধান উৎস ছিল। কিন্তু চাড়াখালী অংশে মিল ঘরের পাশের স্লুইসগেটটি বন্ধ করে রাখায় স্বাভাবিক জোয়ার-ভাটার পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে খালটি ধীরে ধীরে শুকিয়ে গিয়ে আজ মৃত্যুপ্রায় অবস্থায় পৌঁছেছে।
এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী চক্র ইচ্ছাকৃতভাবে স্লুইসগেট বন্ধ রেখে খালের পানি শুকিয়ে মাছ ধরছে। এতে খালটি ধ্বংসের মুখে পড়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বড় কৈবর্ত খালির বাসিন্দারা জানান, খালে পানি না থাকায় রান্না, গোসল ও গবাদিপশুর পানির জন্য দূরের পুকুরের নোংরা পানির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে শিশু ও নারীদের মধ্যে চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।
কৃষকদের ভাষ্য, এই খালের পানির ওপর নির্ভর করেই তারা চাষাবাদ করতেন। এখন খাল শুকিয়ে যাওয়ায় জমিতে ফসল ফলানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত স্লুইসগেট খুলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
স্থানীয়দের আশঙ্কা, অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে খালটি পুরোপুরি ভরাট হয়ে যাবে, যা পরিবেশ ও জনজীবনের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।
এই বাংলা/এমএস
টপিক

