খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগিতায় এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাপনী বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং সামাজিক স্থিতিশীলতা ব্যাহত করছে। এ প্রেক্ষাপটে সঠিক তথ্য যাচাই ও প্রচারে সাংবাদিকদের আরও সচেতন হওয়া জরুরি।
তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা নির্বাচনকালীন রিপোর্টিংয়ের নীতিমালা, দায়িত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেছেন, যা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি অপসাংবাদিকতা পরিহার করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

