নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মেহেদি হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার রাতে গুরুদাসপুরে নিজের বাসা থেকে মিন্টুকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত শাকিলকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা।
গুরুতর আহত শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
এই বাংলা/এমএস