জোট সমঝোতায় বরিশালের একাধিক আসন ছাড়ছে জামায়াত, সদর আসন নিয়েও অনিশ্চয়তা

0
143
জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোট / ছবি - দলীয় লোগো

বরিশাল ব্যুরো :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটগত সমঝোতার কারণে বরিশাল অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দিতে হচ্ছে জামায়াতে ইসলামীকে। এমনকি দলটির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল-৫ (সদর) আসনটিও ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জামায়াতের অভ্যন্তরীণ ‘এ গ্রেড’ তালিকাভুক্ত বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন ইতোমধ্যে জোটের স্বার্থে অন্য দলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বরিশাল-৩ আসনটি আগেই এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ছেড়ে দেওয়া হয়। ফলে ওই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবর মনোনয়নপত্র জমা দেননি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এদিকে জামায়াতের গুরুত্বপূর্ণ তালিকায় থাকা বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনেও এখনো প্রার্থিতা চূড়ান্ত হয়নি।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সদর আসন নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সমঝোতা প্রক্রিয়া চলমান রয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, বরিশাল-৫ আসনে ফয়জুল করীমের প্রার্থিতা চূড়ান্ত হলে জামায়াত বরিশাল-৬ আসনটি ধরে রাখতে পারে।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল দীর্ঘদিন ধরে বরিশাল-৫ আসনে প্রচার চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি তাকে সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করায় তার প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, সাধারণত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা প্রার্থী হন না। সে বিবেচনায় জামায়াত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের পক্ষে বরিশাল-৫ আসন ছেড়ে দিতে পারে।

এ বিষয়ে বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবর বলেন,
“জোটের স্বার্থে অনেক সময় ছাড় দিতে হয়। এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত আসতে পারে, তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি।”

দলীয় সূত্র আরও জানায়, জোট সমঝোতার অংশ হিসেবেই সম্প্রতি সংসদ নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মাওলানা এটিএম মাছুমকে আহ্বায়ক এবং মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব করা হয়েছে।

উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। সে কারণে ওই সময়ের আগেই বরিশালের আসনগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here