ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থী ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫’ পেয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত এ শিক্ষাবৃত্তির জন্য কলেজের ডিগ্রি শাখার একজন এবং অনার্স শাখার চারজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে পাঠানো শিক্ষাবৃত্তির অর্থের চেক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর নামে ৬ হাজার টাকা করে ইস্যু করা ব্যাংক চেক বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের ট্রেজারার আমিরুল ইসলাম, ভূগোল বিভাগের প্রভাষক মো. আবু বকর সিদ্দিকসহ অন্যরা।
‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫’-এর অন্যতম যোগ্যতার শর্ত ছিল শিক্ষার্থীর জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব অর্জন। নির্ধারিত যোগ্যতা ও মেধার ভিত্তিতে সদরপুর সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থী এ বৃত্তির জন্য নির্বাচিত হন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক বলেন, এ ধরনের শিক্ষাবৃত্তি মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কলেজের অফিস সহকারী সি. এম. জাকির জানান, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী হিসেবে গত বছর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। এ বছর ডাকযোগে তাদের নামে ইস্যু করা চেক কলেজে পৌঁছালে তা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস