রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

খানসামায় ৩৫ নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকের অরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের খানসামা উপজেলায় নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন সহকারী শিক্ষকের পাঁচ দিনব্যাপী অরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা কমপ্লেক্সের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ূন কবির তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসেনে মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর আবু সায়েম, সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক মিয়া ও নিত্যানন্দ দাসসহ সংশ্লিষ্ট শিক্ষকরা।

অনুষ্ঠানে বক্তারা নব যোগদানকৃত শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং সুশিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ অরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর