উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের অনুভূতি। সকাল ও রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সেই সঙ্গে ভোরে কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। আকাশেও দেখা যাচ্ছে মেঘের আনাগোনা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালেও জেলার বিভিন্ন এলাকায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা গেছে। কুয়াশার কারণে দূরের গাছপালা ও ফসলের মাঠ ঝাপসা হয়ে উঠেছে। এমন শীতের আবহের মধ্যেই মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
কাটা ধান শুকানোর জন্য মাঠে বিছিয়ে রেখেছেন অনেক কৃষক। কেউ ধান মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ শুকনো ধান ঘরে তোলার কাজে ব্যস্ত রয়েছেন। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কাটা ধান শুকানো নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
এদিকে সকাল ও রাতে ঠান্ডা বাড়তে শুরু করায় সাধারণ মানুষের জীবনযাত্রাতেও পড়ছে শীতের প্রভাব। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শীতের এমন আবহে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে মৌসুমের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন পঞ্চগড়ের কৃষকেরা।
এই বাংলা/এমএস