বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-১০ অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁদের অবস্থান কর্মসূচির কারণে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নিতে শুরু করেন। পরে সকাল ১০টার দিকে কয়েকটি কারখানার শত শত শ্রমিক একত্র হয়ে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও তা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে যানবাহন আটকে পড়ে এবং আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।

অবরোধের কারণে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটে। গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বরের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবরোধের প্রভাব আশপাশের এলাকাতেও পড়েছে। গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর