মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

উত্তরার আবদুল্লাহপুরে আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ঢাকা প্রতিনিধি :

রাজধানীর প্রবেশদ্বার উত্তরার আবদুল্লাহপুর এলাকায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপ ও নারী ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঢাকা-গাজীপুর সীমান্তবর্তী এই এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট একাধিক হোটেল নিয়ন্ত্রণ করছে।

অভিযোগ রয়েছে, বাইরে আবাসিক হোটেল হিসেবে পরিচিত হলেও ভেতরে তরুণীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, হোটেলগুলোর আশপাশে দালাল ও তথ্যদাতাদের সক্রিয় উপস্থিতির কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারছেন না।

অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট একটি হোটেলসহ আশপাশের আরও কয়েকটি আবাসিক হোটেলে একই ধরনের কার্যক্রম চলছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ভিজিটিং কার্ডের মাধ্যমে গ্রাহকদের ওইসব স্থানে আনা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগ অনুযায়ী, হোটেলগুলোতে প্রবেশের পর নির্দিষ্ট কক্ষগুলোতে এসব কর্মকাণ্ড পরিচালিত হয় এবং এর জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া হয়। তবে এসব অর্থের বড় একটি অংশ দালাল চক্রের কাছে চলে যায় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, এসব হোটেলে বৈধ লাইসেন্স ও অতিথি নিবন্ধন ব্যবস্থার ঘাটতি রয়েছে বলেও অভিযোগ ওঠে। কিছু ক্ষেত্রে গ্রাহকদের জিম্মি করে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এর আগে একাধিকবার প্রশাসনের অভিযান পরিচালিত হলেও তা স্থায়ী সমাধান আনতে পারেনি বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, এসব অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর ও স্থায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সচেতন নাগরিকদের মতে, আবদুল্লাহপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এই সম্পর্কিত আরো খবর