পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর আওতাধীন ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি) প্রকল্প’-এর নির্মাণকাজের জন্য রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট ও রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন দেওয়া হবে। এ সময় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় আংশিক লোডশেডিং হতে পারে।
শনিবার (২৫ জুলাই) প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক জরুরি সীমিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে বলা হয়, রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্রের নির্মাণকাজ নিরাপদ ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ জুলাই সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত (১৫ ঘণ্টা) রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-১ সঞ্চালন লাইন শাটডাউনে থাকবে।
এ ছাড়া ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইনও শাটডাউনে রাখা হবে।
এ কারণে নেসকোর আওতাধীন সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এবং সংশ্লিষ্ট এলাকায় আংশিক লোডশেডিং হতে পারে। তবে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকলে প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে পিজিসিবি।
এদিকে, পিজিসিবি সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের নিজ নিজ এলাকার গ্রাহক, সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আগাম অবহিত করা, প্রয়োজনীয় মাইকিংয়ের ব্যবস্থা নেওয়া এবং শাটডাউন চলাকালে সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।