চরভদ্রাসনের হাজী ডাঙ্গী কবরস্থানে সোলার লাইট চুরি, নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন এলাকাবাসী

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজী ডাঙ্গী কবরস্থানে সোলার লাইটের প্যানেল, ব্যাটারি ও সংযোগ তার চুরির ঘটনায় নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আনাগোনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবরস্থানে নিরাপত্তা নিশ্চিত এবং রাতে আগতদের সুবিধার্থে সেখানে সোলার লাইট স্থাপন করা হয়েছিল। তবে কয়েকদিন আগে দুর্বৃত্তরা রাতের আঁধারে সোলার লাইটের প্যানেল, ব্যাটারি ও সংযোগ তার চুরি করে নিয়ে যায়। ফলে বর্তমানে পুরো কবরস্থান অন্ধকারে নিমজ্জিত রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের বেলায় কবরস্থানের আশপাশে মাদকসেবীদের আনাগোনা রয়েছে। পর্যাপ্ত আলোর অভাবে তারা নির্বিঘ্নে সেখানে অবস্থান করে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সন্ধ্যার পর কবর জিয়ারতে আসা মানুষজন ভীতি ও শঙ্কার মধ্যে থাকেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের দাবি, কবরস্থান একটি পবিত্র স্থান। সেখানে চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত সোলার লাইট পুনঃস্থাপন, কবরস্থানের চারপাশে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত নজরদারির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোরও দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দা সালাম মুন্সি বলেন, “হাজী ডাঙ্গী কবরস্থান আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। কিন্তু আলোর অভাবে সন্ধ্যার পর এখানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা চাই প্রশাসন দ্রুত নতুন করে আলোর ব্যবস্থা নিশ্চিত করুক, যাতে মানুষ নিরাপদে কবর জিয়ারত করতে পারে এবং কেউ এই স্থানকে অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করতে না পারে।”

এলাকাবাসী চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা এবং কবরস্থানে দ্রুত পুনরায় সোলার লাইট স্থাপনের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে কবরস্থানের নিরাপদ ও শান্ত পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here