বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. ছবিরুল ইসলাম হাওলাদার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১০ জুন, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) তৃতীয় উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

মঙ্গলবার (৯ জুন) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে যোগদানপত্র জমা দেন। একইদিন সন্ধ্যায় পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে ৮ জুন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় তাকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হয়ে বর্তমানে গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভোলা জেলার লালমোহন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী এই শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে দ্বিতীয় স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন।

বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ও ফারসি ভাষায় দক্ষ এই গবেষকের অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ‘Arabic-Persian Words and Islamic Elements in the Poetry of Farrukh Ahmad: An Evaluation’ গ্রন্থটি একাডেমিক মহলে প্রশংসিত।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পোস্টডক্টরাল মূল্যায়ন কার্যক্রম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর