নীলফামারীর ডিমলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৫ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার ইসলাম লেবু, ওহায়েদুজ্জামান বাবুল এবং ৩ নম্বর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিনালুজ্জামান মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের কাছে বেঞ্চগুলো হস্তান্তর করা হয়।
বেঞ্চ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—খারিশা চাপানি আইনুল হক ফাজিল মাদ্রাসা, সুন্দরখাতা শফিকুল গনি স্বপ্ন ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কে.ডি. আলিম মাদ্রাসা, সৈকত উচ্চ বিদ্যালয়, সাইফুন সাইড উচ্চ বিদ্যালয়, বারবিশা দাখিল মাদ্রাসা, দোহলপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সম্মিলিত বন্দর খড়িবাড়ী দাখিল মাদ্রাসা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৯৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার সুবিধা বাড়বে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে বক্তারা বলেন, শিক্ষার মান আরও উন্নত করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার চর্চাও অব্যাহত রাখতে হবে।
এই বাংলা/এমএস