মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ চালক: পুড়ে ছাই ৮ মোটরসাইকেল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন এবং পাশে রাখা আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের পুরোনো ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শিশু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর অ্যাম্বুলেন্সটি হাসপাতাল চত্বরে রাখা হয়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন অ্যাম্বুলেন্সটিকে গ্রাস করে এবং পাশে রাখা মোটরসাইকেলগুলোতেও ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সময় অ্যাম্বুলেন্সের চালক গাড়ির ভেতরে ছিলেন। এ সময় তিনি গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে খুলনায় নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হাসপাতালের মূল ভবনসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে আগুনের আতঙ্কে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে কিছু সময়ের জন্য সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটে।

স্থানীয়দের ধারণা, গ্যাস সিলিন্ডারের যান্ত্রিক ত্রুটি বা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনের পার্কিং ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট ও নিরাপদ পার্কিং ব্যবস্থা না থাকায় অ্যাম্বুলেন্সের পাশে মোটরসাইকেলগুলো রাখা হয়েছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বাগেরহাটের সিভিল সার্জন আ. স. মো. মাহাবুবুল আলম জানান, অগ্নিকাণ্ডের পরপরই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করা হয়। ত্রুটিপূর্ণ সিলিন্ডার ও মেয়াদোত্তীর্ণ ফিটনেস নিয়ে চলাচলকারী অ্যাম্বুলেন্স রোগী ও হাসপাতালের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও তিনি জানান।

ঘটনাস্থল পরিদর্শন করে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দায় নির্ধারণে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ফিটনেস ও গ্যাস সিলিন্ডারের নিয়মিত পরীক্ষা এবং যানবাহন পার্কিং ব্যবস্থাপনা আরও কঠোর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর