জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাথরের চর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১০৭৬-এর কাছাকাছি কুমারের চর এলাকায় টহল দেওয়ার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি মদের বোতলগুলো ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা। সীমান্তবর্তী এলাকা ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
উদ্ধার করা মদ জব্দ তালিকার মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়ায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এই বাংলা/এমএস