বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নাটোরে অনলাইন জুয়ার অ্যাপসে বেটিং, তিন যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নাটোরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে বেটিং পরিচালনা ও জুয়া খেলার সময় তিন যুবককে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত ভোররাতে লালপুর থানার মহারাজপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মহারাজপুর মধ্যপাড়া গ্রামের মো. ফরজ উদ্দিন মন্ডলের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৩), একই এলাকার মো. মোস্তাক আলীর ছেলে মো. রাকিবুল ইসলাম (২৩) এবং নবীনগর (প্রথম পাড়া) গ্রামের মো. মারিফুল ইসলামের ছেলে মো. ইমন ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার পুলিশের একটি দল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় আরিফুল ইসলামের বসতঘরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে বেটিং ও জুয়া পরিচালনা করার সময় তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর