মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মৎস্যখাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং সরকারি বাজেটের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) রাজধানীর মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘মৎস্যখাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ। বাজেটের কার্যকর ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) বলেন, প্রান্তিক পর্যায়ে নতুন নতুন তরুণ মৎস্য উদ্যোক্তা তৈরি হচ্ছে। সমবায়ভিত্তিক মৎস্য চাষ ও খাল খনন কর্মসূচির মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি আয় বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তরুণ উদ্যোক্তাদের যথাযথ তদারকি এবং সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ মৎস্য খাতে বরাদ্দ করা বাজেটের যথাযথ ও কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, সরকারি উন্নয়ন পরিকল্পনা মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর