মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সন্তান আঞ্জুম শাহরিয়ার তাহসিন ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ’ বা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ থেকে মনোনীত তাহসিনের বয়স ১৬ বছর। আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা কিডসরাইটস (KidsRights) ফাউন্ডেশন ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তাঁর নাম প্রকাশ করেছে।
তাহসিনের পৈতৃক নিবাস মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে। তিনি সাভারের কমিশনার রোডের শাহীভাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ মনজুরুল হকের ছেলে।
কিডসরাইটসের তথ্য অনুযায়ী, শিশু অধিকার, শিশু সুরক্ষা, পরিবেশ ও শিক্ষা নিয়ে কাজের জন্য তাহসিনকে ২০২৬ সালের পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তিনি স্কুল ও স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এসব কার্যক্রমে শিশুদের অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা এবং নির্যাতন, হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন করা হয়। পাশাপাশি শিশুদের নিজেদের উদ্বেগ ও সমস্যার কথা বলার জন্য নিরাপদ পরিবেশ তৈরিতেও কাজ করেন তিনি।
কিডসরাইটস আরও জানায়, তাহসিন শিশু, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে শিশু অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিয়ে আলোচনা তৈরিতে ভূমিকা রাখছেন। স্থানীয় পর্যায়ের কার্যক্রমের পাশাপাশি তিনি দায়িত্বশীল ডিজিটাল সম্পৃক্ততার মাধ্যমেও শিশুদের নিজেদের অধিকার ও মতামত সম্পর্কে সচেতন করতে কাজ করছেন।
মনোনয়ন পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে তাহসিন বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এই আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হতে পেরে তিনি সম্মানিত ও কৃতজ্ঞ। এ অর্জনের জন্য তিনি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজের সামাজিক প্ল্যাটফর্ম ‘টিনএক্স’ (TeenX)-এর কথা উল্লেখ করে তাহসিন বলেন, এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং যুব নেতৃত্ব বিকাশ, প্রযুক্তিনির্ভর সামাজিক উদ্যোগ, শিক্ষার প্রসার এবং তৃণমূল পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টারও স্বীকৃতি।
তিনি তাঁর বন্ধু, সহকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁদের সমর্থন ভবিষ্যতে সমাজের জন্য আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
কিডসরাইটসের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার শিশু অধিকার নিয়ে সাহসিকতার সঙ্গে কাজ করা তরুণদের স্বীকৃতি দেয়। ২০০৫ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে এবং প্রতিবছর একজন তরুণ পরিবর্তনকর্মীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
দৌলতপুরের সন্তান তাহসিনের এই আন্তর্জাতিক মনোনয়নকে স্থানীয়ভাবে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মতে, এ ধরনের স্বীকৃতি শিশু ও তরুণদের সামাজিক কাজে আরও উৎসাহিত করতে পারে।
এই বাংলা/এমএস