চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যকে যুক্তরাজ্যে তুলে ধরার লক্ষ্যে আগামী ১ নভেম্বর ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাজ্যের রমফোর্ডের মেফেয়ার হলে এ উৎসবের আয়োজন করা হবে।
উৎসবকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের নিউ রোডের তারা-তারে রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে মোহাম্মদ আলী রেজা চট্টগ্রাম উৎসব ২০২৬-এর প্রেস রিলিজ পাঠ করে শোনান। এতে উৎসবের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, চট্টগ্রাম উৎসব কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়োজন নয়; এটি চট্টগ্রামবাসীর সম্মিলিত ঐতিহ্য, পরিচয় ও গৌরবকে তুলে ধরার একটি উদ্যোগ। যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করাও এর অন্যতম লক্ষ্য।
চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাদের শিকড়ের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরির বিষয়টিও উৎসবের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে চট্টগ্রাম উৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উপাদানও এতে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎসবের মাধ্যমে যুক্তরাজ্যে কার্যরত বিভিন্ন চট্টগ্রামভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রত্যাশা করছেন আয়োজকরা। পারস্পরিক সহযোগিতা, মতবিনিময় ও অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটির মধ্যে যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, আয়োজক, শিল্পী, ব্যবসায়ী, উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক, সংগঠক ও দর্শনার্থী—সবার অংশগ্রহণেই এ আয়োজন আরও সমৃদ্ধ হবে। এ জন্য যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামভিত্তিক সংগঠন, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।
সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, সন্দ্বীপ সমিতি ইউকে, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, বকতিয়ার সোসাইটি ইউকে, সীতাকুণ্ড সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে, ব্রিটিশ বাংলাদেশি ফোরাম, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও চট্টগ্রাম কমিউনিটি কেন্টের প্রতিনিধিরা ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে যুক্তরাজ্যের বৃহত্তর পরিসরে তুলে ধরার একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে।
এই বাংলা/এমএস