দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় ইউনাইটেড প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাঁদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, পরিকল্পিত অগ্নিসন্ত্রাস ও নাশকতার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থেকে জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা রাজপথে থাকার কথা জানান।
এই বাংলা/এমএস