মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পাঁচ দশকে শিশু একাডেমি, নিরাপদ ভবিষ্যতের প্রত্যয়ে নতুন অঙ্গীকার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয় ও বিভিন্ন এনজিওর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

চট্টগ্রাম প্রান্তে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইদুজ্জামান পাঠান উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন এনজিওর কর্মকর্তারা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাইদুজ্জামান বলেন, শিশু অধিকার সম্পর্কে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নিরাপদ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।

তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে শিশুদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। শিশুদের অধিকার রক্ষা শুধু শিক্ষা নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়; তাদের নিরাপত্তা, সুস্থ পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সুষ্ঠু সামাজিক বিকাশের সুযোগও নিশ্চিত করতে হবে।

শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ, শিল্প-সংস্কৃতিচর্চা ও নৈতিক শিক্ষা প্রসারে শিশু একাডেমি দীর্ঘ পাঁচ দশক ধরে ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে শিশুদের প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে গড়ে তুলতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা নৃত্য, একক ও দলীয় সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তির এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ, অধিকার সংরক্ষণ ও প্রতিভা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর