যশোর প্রতিনিধি :
যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানান, ফজরের আজানের সময় তারা বাসটির ভেতরে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে পাশের বস্তির বাসিন্দারা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসটির সুপারভাইজার মাগুরার শ্রীপুর উপজেলার হান্নান খান জানান, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি (মাগুরা জ-১১-০০০৭) যশোর-মাগুরা সড়কে নিয়মিত চলাচল করে। প্রতিদিনের মতো বুধবার রাতেও বাসটি উপশহর এলাকার পার্কের পাশে পার্কিং করা হয়েছিল।
তিনি বলেন, রাতে বাসেই ঘুমিয়েছিলাম। ভোরে বাসায় গিয়ে কিছু সময় পরই খবর পাই, বাসে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সিটসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত আছে।
যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ড্রাইভার সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনার সময় নাইটগার্ড পাশের দোকানে চা খেতে গিয়েছিলেন, আর সুপারভাইজারও তখন বাসায় ফিরছিলেন।
তিনি আরও জানান, ঘটনার কারণ উদ্ঘাটন ও দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে।
এই বাংলা/এমএস
টপিক