কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় রাতের আঁধারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাকা সড়ক নির্মাণের চেষ্টা করলে তাতে বাধা দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এ সময় নির্মাণকাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম সরিয়ে নেয় বিএসএফ।
ঘটনার পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার অংশ নেন। উভয় দেশের ছয়জন করে প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩৪ সংলগ্ন প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সীমান্তঘেঁষা পুরনো সড়কের পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণ শুরু করে বিএসএফ। রাতের বেলায় বিএসএফ সদস্যদের উপস্থিতিতে নির্মাণকাজ চলছিল। বিজিবি একাধিকবার বাধা দিলেও কাজ বন্ধ না হওয়ায় পরে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।
খলিশাকোঠাল সীমান্ত এলাকার বাসিন্দা মজিবর রহমান জানান, রাতে সড়ক নির্মাণের বিষয়টি নজরে আসার পর বিজিবি টহল জোরদার করে এবং পরদিন দুপুরে দুই দেশের বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিজিবির টহল জোরদার রয়েছে। বৈঠকের পর বিএসএফ সদস্যরা সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নেয়।
এই বাংলা/এমএস
টপিক

