কুড়িগ্রাম প্রতিনিধি :
চার দিনের উত্তরবঙ্গ সফর কর্মসূচির অংশ হিসেবে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আগামী ১৩ জানুয়ারি রাতে তিনি কুড়িগ্রামে পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সফরসূচির রুট ম্যাপে কুড়িগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। দলীয় পরিকল্পনা অনুযায়ী, ১৩ জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান লালমনিরহাটে পৌঁছাবেন। সেখান থেকে রাতে জেলার বড়বাড়ী হয়ে তিনি কুড়িগ্রাম সদরে আসবেন এবং একই রাতে রংপুরে ফিরে যাবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে সফর উপলক্ষে কর্মসূচির সম্ভাব্য ভেন্যু নির্ধারণে আগামী ৯ জানুয়ারি জরুরি যৌথ সভা ডেকেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সভায় আয়োজনের স্থানসহ আনুষঙ্গিক বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
দলীয় একটি দায়িত্বশীল সূত্র জানায়, সম্ভাব্য ভেন্যু হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ বিবেচনায় রাখা হয়েছে। সেখানে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ এবং উপস্থিতদের জন্য নির্দিষ্ট আসনব্যবস্থার পরিকল্পনা রয়েছে।
সূত্র আরও জানায়, নির্বাচনি আচরণবিধির বিষয়টি বিবেচনায় রেখে কোনো জনসভা বা রাজনৈতিক সমাবেশের আয়োজন করা হবে না। দলীয় ব্যানার বা ফেস্টুনও ব্যবহার করা হবে না। সফরকালে তারেক রহমান জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কুড়িগ্রাম আগমন জেলার মানুষের জন্য আনন্দের বিষয়। তবে এই সফরটি রাজনৈতিক নয়। তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। ভেন্যু নির্ধারণের বিষয়ে আগামীকালের যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

