শিবগঞ্জ থেকে আলু ও সবজি রপ্তানি বাড়ায় লাভবান কৃষক

0
160
বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে চলতি মৌসুমে আলু ও বিভিন্ন ধরনের সবজি বিদেশে রপ্তানি হচ্ছে / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে চলতি মৌসুমে আলু ও বিভিন্ন ধরনের সবজি বিদেশে রপ্তানি হওয়ায় কৃষকরা ভালো লাভ পাচ্ছেন। আলুর পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, কাঁচা মরিচ, টমেটো ও মিষ্টি কুমড়া রপ্তানির ফলে স্থানীয় বাজারেও আলুর দাম বেড়েছে।

উপজেলার মেসার্স সাগর ট্রেডার্সসহ একাধিক মোকাম থেকে এসব কৃষিপণ্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, নেপাল, শ্রীলঙ্কা, সৌদি আরব ও বাহরাইনসহ সাতটি দেশে পাঠানো হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মেসার্স সাগর ট্রেডার্সের স্বত্বাধিকারী সাগর হোসেন জানান, শিবগঞ্জ ছাড়াও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, জয়পুরহাট, নওগাঁ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে আলু ও সবজি সংগ্রহ করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ১০ হাজার মেট্রিক টন আলু, ৫ হাজার মেট্রিক টন ফুলকপি ও বাঁধাকপি, ৫ শত মেট্রিক টন কাঁচা মরিচ, ১ হাজার ১০০ মেট্রিক টন মিষ্টি কুমড়া এবং ৪ শত মেট্রিক টন টমেটো রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত বুধবার শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান রপ্তানির উদ্দেশ্যে আলু প্যাকেটজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেন।

স্থানীয় কৃষকরা জানান, প্রায় আড়াই মাস আগে অতিবৃষ্টির কারণে আগাম আলুর উৎপাদন কম হওয়ায় বর্তমানে বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এখন স্থানীয় বাজারে নতুন আলু প্রতি মণ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, নিয়মিতভাবে আলু ও সবজি রপ্তানি অব্যাহত থাকলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন। এতে উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা স্থিতিশীল থাকবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে।

এদিকে নিউ কাফেলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আক্তার হোসেন মিল্টন ও সাহা হিমাগারের ব্যবস্থাপক বি. ভূতি ভূষণ জানান, মাঠপর্যায়ের কৃষকদের কাছ থেকে প্রতি কেজি আলু ৪০ টাকা দরে সংগ্রহ করে প্রক্রিয়াজাতের পর ৫০ টাকা কেজি দরে মধ্যপ্রাচ্যের সাতটি দেশে রপ্তানি করা হচ্ছে। ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন।

বর্তমানে শিবগঞ্জ উপজেলার ১৭টি হিমাগারে বিভিন্ন জাতের প্রায় ৫০ হাজার বস্তা আলু মজুত রয়েছে। পুরোনো আলু প্রতি মণ ৩০০ টাকা এবং বীজ আলু প্রতি মণ ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here